গণমাধ্যম নীতিমালা আসছে জুলাই-অগাস্টের মধ্যেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যাম হাইলাইটস

অনলাইন ডেস্ক: জুলাই-অগাস্ট মাসের মধ্যে বাংলাদেশে একটি গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সংবাদপত্রের ওয়েজবোর্ড ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, “সাংবাদিকদের সঠিক সময়ে বেতন নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে তাদের সুরক্ষা দেওয়া যেমন সরকারের দায়িত্ব, ঠিক তেমনি সংবাদপত্রের মালিকদের পৃষ্ঠপোষকতা করাও আমাদের কাজের অংশ।”

সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যকার বিরোধ মেটাতে একটি সুনির্দিষ্ট ও গোছালো আইনি কাঠামো তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত আইনে মিথ্যা মামলার পাশাপাশি অপসাংবাদিকতা এবং এর মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা বা অপরাধের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা না থাকায়, ভুক্তভোগীরা অনেক সময় বাধ্য হয়ে ভিন্ন আইনের আশ্রয় নিচ্ছেন।

তবে প্রস্তাবিত নতুন গণমাধ্যম কমিশন গঠিত হলে এই আইনি সীমাবদ্ধতা সম্পূর্ণ দূর করা সম্ভব হবে। অপসাংবাদিকতার মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকেও এই কমিশনের মাধ্যমে আইনি কাঠামোর আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *