অনলাইন ডেস্ক: দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।
সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।