আওয়ামী লীগের শনিবারের শোক মিছিলও স্থগিত ঘোষণা

রাজনীতি

অনলাইন ডেস্ক : পূর্বঘোষিত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শনিবারের শোক মিছিল স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

শোক মিছিলটি শুক্রবার বিকালে করার কথা থাকলেও তা একদিন পিছিয়ে শনিবার বিকালে করার ঘোষণা দেয় দলটি। পরবর্তীতে শনিবারের কর্মসূচিও স্থগিতের ঘোষণা এলো। তবে শুক্রবার সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছে দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরদিন ৩ আগস্ট বিকাল ৩টায় ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করার কথা ছিল।

শোক মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হওয়ার পরিকল্পনা ছিল।

এতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *