অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে ভোট স্লো করেন: শামীম ওসমান

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নির্বাচনের দিন আমার কাছে সারাদিন ফোন এসেছে। প্রথম খেলা টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিবে না। এগুলো প্ল্যান করে করা হয়েছে। সর্ষের ভেতর ভুত আছে। অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন। তারা জানে না এখানে সকল এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে। শেখ হাসিনার এজেন্সি আছে। তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়।

সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জে নির্বাচনি পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সারা দেশে নির্বাচন এলেই বলে টাকা দেন টাকা দেন। আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি। এর পরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে। এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আমার কিছু নেই।

শামীম ওসমান বলেন, আমি জনসভার পর আপাকে (শেখ হাসিনা) বলেছিলাম আপনি কি খুশি হয়েছেন। তিনি বলেছেন, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকায় জানি কত পার্সেন্ট ভোট পড়বে। আমি ৪০-৪২% ভোট আশা করেছিলাম। সেখানে ৩২% ভোট পড়েছে৷ বাকি ভোট পড়েনি নাকি পড়তে দেয়া হয়নি। আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। নয়তো আমার কর্মীরা উত্তেজিত হয়ে পড়ত। নারায়ণগঞ্জের কর্মীরা উত্তেজিত হলে পুরো বাংলাদেশও থামাতে পারে না। নবম ডিভিশনের ফোর্স ১৫ দিন বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমাকে টাচ করতে পারেনি।

তিনি বলেন, যে যেই দলই করেন আপত্তি নেই। জ্বালাও-পোড়াও করবেন- আমি ছাড়বো না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে। জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে। না খাইয়ে মারার চেষ্টা হবে। তবে আমি বিশ্বাস করি শয়তান যেমন আল্লাহর সঙ্গে পারে না। ওরাও শেখ হাসিনার সঙ্গে পারবে না, কারণ তার ওপর আল্লাহর রহমত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *