জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে সমালোচনা, ২ নেতাকে অব্যাহতি

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু এবং সাবেক এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার রাতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাদের দল থেকে অব্যাহতি প্রদান করেছেন।

রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটশন মিলনায়তনে দিনব্যাপী দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণকারী পার্টির প্রার্থীদের এক বিশেষ সভা হয়। এতে শফিকুল ইসলাম সেন্টু এবং ইয়াহিয়া চৌধুরী পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। এই সভা শেষ হওয়ার কয়েকঘণ্টার মধ্যে জাতীয় পার্টি থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো। এর আগে বৃহস্পতিবার পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয় দলটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে।

গত বুধবার জাপার বনানী কার্যালয়ে নির্বাচনে অসহযোগিতা, স্বজনপ্রীতি এবং আর্থিক কেলেঙ্কারীর অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *