ভৈরবে ট্রেন দুর্ঘটনার ২০ ঘণ্টা পর রেলমন্ত্রীর শোক জানালেন

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। ঘটনার পরপরই শোক জানিয়েছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অনেকে। তবে ঘটনায় প্রায় ২০ ঘণ্টা পর শোক জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রেলপথ মন্ত্রণালয় থেকে এ শোকবার্তা পাঠানো হয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো এক বার্তায় শোক জানান রেলমন্ত্রী। সেই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

শোক বার্তায় বলা হয়েছে, কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বার্তায় বলা হয়, অপ্রত্যাশিত এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার যথাযথ কারণ উদঘাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সস্ত্রীক মাল‌য়ে‌শিয়া সফ‌রে র‌য়ে‌ছেন। তি‌নি ২৭ অক্টোবর দে‌শে ফির‌তে পা‌রেন বলে জানা গেছে। আর রেলস‌চিব ড. হুমায়ুন কবীর সস্ত্রীক চীন সফ‌রে র‌য়ে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *