উকিল সাত্তার-শাহজাহান কামালের আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা ও শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শূন্য এই আসনে আগামী ৫ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার ইসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্যের মৃত্যুতে আসন দুটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনে পাঠান সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম। ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওই দিন আসন দুটি শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান।

ওই রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল (৭৪) মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *