১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। লঙ্কানদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুললেন রোহিত-বিরাটরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে থামে শ্রীলঙ্কা। জবাবে ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করতে কোনো চাপই নেননি দুই ভারতীয় ওপেনার শুভমান গিল ও ইষাণ কিষাণ। মাত্র ৩৭ বলে ৫১ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন তারা। ১৯ বলে ২৭ রান করেন ইষাণ। আর ১৮ বলে ২৩ রান করেন শুভমান গিল।

কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা দাসুন শানাকা। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ শুরু হতে দেরি হয়। বৃষ্টি থামলে শুরু হয় খেলা।

ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে কটবিহাইন্ড করান জাস্প্রিত বুমরাহ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে লঙ্কান ব্যাটিং লাইনে ধস নামান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এক ওভারে চার ব্যাটারকে সাজঘরের পথ ধরান তিনি। ২ রানে ফেরেন নিশাঙ্কা। আর রানের খাতায় খুলতে পারেননি সামারাবিক্রমা, আশালাঙ্কা ও ধনঞ্জয়া।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। সিরাজের বোলিং তোপের পর পান্ডিয়া হানা। তাতেই দুমড়ে-মুচড়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রানের ইনিংসটি খেলেন ওপেনার কুশল মেন্ডিস। ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন দুশমন্থ হেমন্ত। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ভারতের পক্ষে ৭ ওভারে একটি মেডেনসহ মাত্র ২১ রানের খরচায় সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর একটি উইকেটের দেখা পান জাস্প্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *